বিশেষ সংবাদদাতা
বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এ লক্ষে ইতোমধ্যে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক সম্মতি বা ‘এগ্রিমো’ (Agrément) পাঠিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র আজ নিশ্চিত করেছে যে, গত সপ্তাহে ঢাকা থেকে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে এবং বর্তমানে নয়াদিল্লির পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে।
আসাদ আলম সিয়ামের কর্মজীবন
আসাদ আলম সিয়াম বিসিএস (পররাষ্ট্র) ১৫তম ব্যাচের একজন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ কর্মকর্তা। তিনি ২০২৫ সালের ২০ জুন অন্তর্বর্তী সরকারের আমলেই পররাষ্ট্র সচিব পদে স্থলাভিষিক্ত হয়েছিলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক এবং নেদারল্যান্ডস থেকে এমবিএ ডিগ্রি অর্জনকারী সিয়াম দীর্ঘ কূটনৈতিক জীবনে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত, বিশ্বব্যাংক ও আইএমএফে স্থায়ী প্রতিনিধি, অস্ট্রিয়া ও ফিলিপাইনসে রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ উইংয়ের ডিরেক্টর জেনারেলসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন মেরুকরণ
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন এবং পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে পুনর্মূল্যায়ন চলছে। সরকার পরিবর্তনের পর সম্পর্ক স্বাভাবিকীকরণের অংশ হিসেবে দিল্লির পক্ষ থেকেও ইতোমধ্যে ট্যুরিস্ট ভিসা চালু, বাস সার্ভিস আংশিক পুনঃপ্রবর্তন এবং উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধির মতো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দিল্লিতে একজন অভিজ্ঞ পররাষ্ট্র সচিবকে হাইকমিশনার করে পাঠানো কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
নতুন পররাষ্ট্র সচিব কে হচ্ছেন?
আসাদ আলম সিয়াম দিল্লিতে যাওয়ার আলোচনার পাশাপাশি পরবর্তী পররাষ্ট্র সচিব কে হচ্ছেন—তা নিয়েও জোর গুঞ্জন শুরু হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সূত্র অনুযায়ী, বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বরত সালাহউদ্দীন নোমান চৌধুরীকে পরবর্তী পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেওয়া হতে পারে। ১৯৯৮ সালে কূটনৈতিক সার্ভিসে যোগ দেওয়া নোমান চৌধুরী নেপালে রাষ্ট্রদূত এবং দিল্লিতে ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।