মোঃ রেজন মিয়া
আমাদের ইউনিয়নে সাইদুর নামের একজন চেয়ারম্যান ছিলেন। তিনি এখন আর বেঁচে নেই। মানুষ মারা গেলে তাকে নিয়ে বদদোয়া করা উচিত নয়, আমরাও তা করি না। রহম করার একমাত্র মালিক আল্লাহ।
তবে তিনি বেঁচে থাকতে অনেক অন্যায় করেছেন। সবার ক্ষতি না করলেও কারও না কারও করেছেন। কারও মনে আঘাত দিয়েছেন, কারও জীবনে জুলুম করেছেন। আমাদের সঙ্গেও অন্যায় করেছেন। সেই ক্ষত আজও রয়ে গেছে। তাই ইতিহাসগুলো কেন যেন ভুলতে পারি না।
আমরা গরিব মানুষ। হয়তো সেই কারণেই অনেক কষ্ট আজও বুকের ভেতর জমে আছে। তবু বিশ্বাস করি, আল্লাহ যা করেন, মানুষের মঙ্গলের জন্যই করেন। এই বিশ্বাস কখনো ছেড়ে দেওয়া যায় না। সবকিছুই তাঁর ইচ্ছাতেই হয়।
চেয়ারম্যান সাহেব এখন কবরে কেমন আছেন, তা আমরা জানি না। আল্লাহ তাঁর প্রতি রহম করুন। কিন্তু জীবনে যেসব অন্যায় দেখেছি, সেগুলো ভুলে গিয়ে তাঁকে সম্মান বা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারব না। একজন মানুষের মূল্যায়ন তার পদ দিয়ে নয়, তার কাজ দিয়ে হওয়া উচিত। মানুষের মহান আবেগ, বিবেক, ভালোবাসা, মানবতা ও ন্যায়ের বোধ থাকাটাও জরুরি।
তিনি আমাদের চোখে কখনো নায়ক ছিলেন না। তবু তাঁর জন্য কোনো বদদোয়া নেই। বিচার আল্লাহর হাতে, আর সেই বিচারই সবচেয়ে ন্যায়বিচার।