নিজস্ব প্রতিবেদক:
মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র রমজান মাসে পূর্ণ ছুটি ঘোষণা এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারকে বার্ষিক ছুটির তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়। আবেদনে বলা হয়, ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় রমজান মাসের প্রায় ১৫ দিন বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যা রোজা রাখা ও রাতের তারাবিহ নামাজের কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য শারীরিক ও মানসিকভাবে কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। এ কারণে পুরো রমজান মাস বিদ্যালয়ে ছুটি রাখার দাবি জানানো হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ছুটির তালিকায় আটটি সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার ও শনিবার) সাধারণ ছুটির হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা শিক্ষক নেতাদের মতে অযৌক্তিক। তারা এই সাপ্তাহিক ছুটিগুলোকে বার্ষিক ছুটির তালিকা থেকে বাদ দিয়ে ছুটির সংখ্যা পুনর্বিন্যাস করার দাবি জানান।
শিক্ষক প্রতিনিধিরা বলেন, ২০২৬ সালে মাধ্যমিক বিদ্যালয়ের মোট ছুটি কমিয়ে ৬৪ দিনে নামিয়ে আনা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১২ দিন কম। অন্যদিকে, মাদ্রাসায় রমজান মাসে পূর্ণ ছুটি রাখা হয়েছে, ফলে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একটি বৈষম্য তৈরি হচ্ছে বলে তারা মনে করছেন।
তারা আশা প্রকাশ করেন, শিক্ষা প্রশাসন মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি পুনর্বিবেচনা করে ছুটির তালিকায় প্রয়োজনীয় সংশোধন আনবে।