আব্দুল কাদের
উত্তরী বায়ে কাঁপছে দেশটা হাড়কাঁপানো এই শীতে
সূর্য লুকালো গভীর কুয়াশা আঁধার মাখানো ভিতে।
রবির দেখা যে মেলে না আজকে আকাশটা ধূসর কাল
দেহটা মুড়েছি পশমী চাদরে ঘুচাতে শীতের জাল।
স্নান করতে শিহরণ জাগে কাঁপন ধরেছে গায়
হিমের পরশ কঠিন দহনে জীবন যে অতিষ্ঠায়।
কুয়াশা ঘেরা নিথর প্রকৃতি স্তব্ধ হয়েছে চারপাশ
শিশির কণা অবিরল ঝরে ফেলে যেন দীর্ঘশ্বাস।
সাঁঝের বেলাতে আগুনের পাশে বৃদ্ধ ও যুবা মিলে
উষ্ণতা খোঁজে খড়কুটো জ্বেলে রিক্ত মাটির তলে।
শিশু ও প্রবীণ গৃহের কোণে আবদ্ধ রবে আজ
শীতের দাপটে থমকে গিয়েছে পৃথিবীর সব কাজ।
দেশটা যে আজ কাঁপছে শীতে নেই কারো মনে সুখ
বিষাদে ভরেছে বিষণ্ন এই শীতাতুর মানুষের মুখ।