নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে সরকারি ‘বিধবা কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে (৪৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার ওই নারী ইতোমধ্যে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। বুধবার (৮ এপ্রিল) স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুজন শেখ (৩৫) ভুক্তভোগী ওই নারীকে সরকারি সহায়তা কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে গত ২ এপ্রিল শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত সুজন ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর ভুক্তভোগী নারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন।
ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুজন শেখ গা ঢাকা দিয়েছেন। তাকে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার নামে এমন জঘন্য অপরাধের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।