কলমে: চন্দনা রানী
এই সময়ের প্রেম
নোটিফিকেশনের মতো—
আসে, যায়,
আঙুলের এক টানে মুছে যায়।
চোখে চোখে নয়,
স্ক্রিনে স্ক্রিনে শুরু,
“seen” হয়েও
অনেক কথা অদেখাই রয়ে যায়।
আজ ভালোবাসি বলার আগে
ভাবতে হয়—
কালও কি থাকবে
এই কথার মানে?
কফির কাপ ঠান্ডা হয়,
চ্যাটের মতো,
আর অপেক্ষা
আর রোমান্টিক নয়—
শুধু অস্বস্তিকর।
তবু…
মুহূর্তের মধ্যেই
কেউ কাউকে ভালোবেসে ফেলে,
এই সময়েও
হঠাৎ হঠাৎ
মনটা খুব সত্যি হয়ে ওঠে।
এই সময়ের প্রেম
স্থায়ী না হলেও
তীব্র—
বৃষ্টি নামার মতো,
অল্প সময়,
কিন্তু ভিজিয়ে দিয়ে যায় গভীর পর্যন্ত।