বগুড়া প্রতিনিধি
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বুধবার (১৪ জানুয়ারি) অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনের প্রসঙ্গে পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ষড়যন্ত্র চলছে।
বগুড়া শহরের নবাববাড়ী এলাকায় জেলা যুবদল আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের প্রতিটি ধাপে নানা ধরনের পরিকল্পিত হস্তক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে। এর অংশ হিসেবে পোস্টাল ব্যালটের ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
মুনা আরও জানান, বিএনপি সবসময় দেশ ও সমাজের সংস্কারের পক্ষে কাজ করে এবং আসন্ন গণভোটে দলটি ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই কাজ করবে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরেন। সেই পরিকল্পনায় গ্রাম পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, নারীদের অগ্রাধিকার, প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থার জোরদারকরণ এবং তরুণদের জন্য ‘গ্রিন স্পেস’ তৈরি অন্তর্ভুক্ত।
রাজশাহী বিভাগের ৯টি ইউনিটের নেতাকর্মীরা সভায় অংশ নেন। মুনা সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান, যাতে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়।