
আলম খান শিবপুর থেকে
:নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নদী উত্তাল ও প্রবল স্রোত থাকায় ফায়ার সার্ভিস দীর্ঘ সময় চেষ্টা করেও তাদের সন্ধান পায়নি, যার কারণে রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান আগামীকাল সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে নিখোঁজ ৪ জনের নাম ও তাদের স্থায়ী বাড়ির বিস্তারিত ঠিকানা জানা গেছে:
মো. ওবায়দুল্লাহ (৩৮): পিতা- বিল্লাল হোসেন। গ্রাম- ভঙ্গাল, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর।
মোছা. শান্তা (১৬): গ্রাম- ফুলবাড়িয়া, থানা- কাপাসিয়া, জেলা- গাজীপুর।
মো. শান্ত (২৪): পিতা- জুয়েল মিয়া। স্থায়ী বাসিন্দা- টাঙ্গাইল সদর, জেলা- টাঙ্গাইল।
সৌরভ (২০): পিতা- মজনু মিয়া। গ্রাম- লাখপুর, থানা- শিবপুর, জেলা- নরসিংদী।
যেভাবে ঘটল দুর্ঘটনা:শিবপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, নিখোঁজদের মধ্যে ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত— এই তিনজন লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে তারা পরিবারের অন্য সদস্যদের সাথে বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানার কারণে নদীর প্রবল স্রোতে হঠাৎ তিনজনই গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় তাদের বাঁচানোর জন্য মজনু মিয়ার ছেলে স্থানীয় তরুণ সৌরভ (২০) নদীতে ঝাঁপ দেন, কিন্তু স্রোতের তীব্রতায় তিনিও তলিয়ে যান।
স্থগিত উদ্ধার অভিযান:ঘটনার পর বিকেল সাড়ে ৪টার দিকে শিবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় ডুবুরিরা চেষ্টা করেও সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত কারও সন্ধান পাননি।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান জানান, নদীর বর্তমান প্রতিকূল পরিস্থিতি ও অন্ধকারের কারণে রাতের মতো অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার সকালে ভৈরব থেকে বিশেষ ডুবুরি দল এসে পুনরায় বড় পরিসরে উদ্ধার কাজ শুরু করবে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এই ঘটনার পর থেকে পুরো লাখপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
