কলমে: শিরিনা আক্তার
মনের মাঝে বসত বাড়ি
লাল আঙ্গিনা চিড়ে,
আউলা বাতাস বাউলা কেশে
সব রয়েছে ঘিরে।
ক্লান্ত সাঁঝের প্রদীপ খানি
খেলনা হয়ে ঝুলে,
শ্রান্ত মনের জোতস্না বেলায়
মায়াবী চাঁদ দোলে।
দূর আকাশের ধ্রুব তারা
ডাকছে কালের সভা,
স্বপন তরী অনুরাগে
ছড়িয়ে দিলো প্রভা।
তোমার আমার ভাবনা গুলো
কখন জানি দূরে,
নীল চাঁদোয়ার বুকের মাঝে
বাজছে একই সুরে।
স্বপ্ন ডানা ঝাপটে ধরে
যখন গেলাম উড়ে,
সখার বাড়ির রাজপ্রাসাদে
নীল বেদনা ঘুরে।
তারই মাঝে হারিয়ে গেছে
কখন আমার মন,
ভাবনাগুলো রাত জেগেছে
এমনি সঙ্গোপন।
সখার সাথে শেষ দেখা
সেই পালকি মেলা ঘাটে
আলো ছায়া হয়ে ভাসে
আজও আমার হৃদয় পটে।