134

মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা

হুকুমের দাসত্বে মাথা নোয়াবে না এই শির,
রক্তের আখরে আজ ইতিহাস লিখে এই বীর।
যতোবার শোষকের চাবুক তুলেছে কালো দাগ,
ততোবার মানুষের বুকে বাড়ে তীব্রতম রাগ।

তোমাদের জাল পাতা ভয়ে কেউ কমবে না আর,
ভেঙে চুরমার হবে ক্ষমতার অন্ধ অহংকার।
সিংহাসন কেঁপে ওঠে জনতার বজ্র হুঙ্কারে,
বিপ্লব আসে আজ রাজপথ, প্রতিটি দুয়ারে।

বুকের পাঁজরে জ্বেলে প্রদীপ্ত অনল-অগ্নিশিখা,
মরণকে জয় করে মহাকাব্যে লিখে যাই লিখা।
লড়াইয়ের ময়দানে পিছু হটার কোনো পথ নাই,
মানুষের হাত আজ ভেঙে ফেলে শিকলের খাঁই।

শোনো ওরে অত্যাচারী, শেষ দিন এসেছে তোমার,
আলোর মিছিলে চূর্ণ হবে ওই আঁধার কারাগার!