বাণিজ্য ডেস্ক

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। গত কয়েক দিনে আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি তেলের দাম প্রায় চার ডলার পর্যন্ত বেড়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। এতে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় দাম বাড়তে শুরু করেছে।

আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৪ ডলারের বেশি এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রায় ৬০ ডলারের কাছাকাছি অবস্থান করে। গত দুই মাসের মধ্যে এটি তেলের দামের অন্যতম উচ্চ পর্যায় বলে মনে করা হচ্ছে।

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন এবং সেখানকার রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর বিরুদ্ধে শুল্ক আরোপের হুঁশিয়ারি দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

জ্বালানি বাজার বিশ্লেষকদের ধারণা, এই ভূরাজনৈতিক উত্তেজনার কারণে তেলের দামে অতিরিক্ত ঝুঁকি প্রিমিয়াম যুক্ত হয়েছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তাও বাজারে প্রভাব ফেলছে। এসব মিলিয়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আপাতত চাপে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *