62

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার সাম্প্রতিক ৪/৫ দিনের অনাবরত বৃষ্টিতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেছে উপজেলার অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি (বিএনএস)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ গোল্ডেন সিটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বন্যাকবলিত পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, লবণ, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

সংগঠনের প্রধান সমন্বয়কারী ও রাজনীতিবিদ আবু সাঈদ চৌধুরী টিটু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতার অন্যতম বড় প্রকাশ। বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনগুলোও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখে সমাজের অসহায় মানুষের পাশে থাকবে।

সংগঠনের মুখপাত্র আব্দুল্লাহ আল নোমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলু।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হারেজ কোম্পানি, নজরুল ইসলাম, সেলিম উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির জয়, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. মিনহাজ উদ্দীন, হামিদ হোসাইন, সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরসের প্রোপাইটর মোহাম্মদ আবু সিদ্দিক, তৌহিদুল ইসলাম, নাজিম উদ্দীন বাচ্চু, শফিকুল ইসলাম, মোস্তফিজ কোম্পানি, নাজিম উদ্দীনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ ন্যাশনাল সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্যোগের এই কঠিন সময়ে সংগঠনটির এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে স্বস্তি এনে দিয়েছে বলে তারা জানান।