মোঃ আবু সাঈদ,স্টাফ রিপোর্টারঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার ৭ নম্বর শোভনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারতলা বাজারে নবনির্বাচিত বাজার কমিটি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবিকে গণসংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৬টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত বাজার কমিটির সভাপতি স্বপন কুমার মিস্ত্রী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শোভনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশারফ হোসেন মফিজ, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক, শোভনা ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলী ফকির এবং সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার শেখ। এছাড়াও নবনির্বাচিত বাজার কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি বলেন, দক্ষিণাঞ্চলের অন্যতম সম্ভাবনাময় জেলা খুলনা কৃষি ও মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে ডুমুরিয়া উপজেলায় তরমুজ চাষ দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। তিনি তরমুজ সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তোলা, চিংড়ি উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, এলাকার বিদ্যুৎ সমস্যাসহ বিভিন্ন উন্নয়নমূলক সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি নবনির্বাচিত বাজার কমিটির সফলতা কামনা করে এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
পরে বিশেষ অতিথিরাও শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে গণসংবর্ধনা ও মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।