
, নরসিংদী প্রতিনিধি:
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে বাজেটের সুষম বণ্টন এবং দেশের সব অঞ্চলের সমান উন্নয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
বাজেটের ওপর আলোচনায় তিনি বলেন, “যদি মন্ত্রীরা সব নিয়ে যায়, তাহলে ৩০০ আসনের দরকার নেই। তাহলে বাজেট দিয়ে লাভ কী? বাজেট হতে হবে সুষম বণ্টনের জন্য, সব এলাকার উন্নয়নের জন্য। সবার উপকার করতে হবে, সব এলাকার উন্নয়ন করতে হবে।”
তিনি আরও বলেন, “এক গোপালগঞ্জ দেখলে চলবে না। যদি শেখ হাসিনা ৬৪ জেলাকেই গোপালগঞ্জের মতো উন্নত করতে পারতেন, তাহলে তাকে পালাতে হতো না।”
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল তার বক্তব্যে দেশের প্রতিটি জেলা ও অঞ্চলের জনগণের সমান উন্নয়ন অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য সৃষ্টি হলে জনগণের মধ্যে বঞ্চনা, ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়। তাই জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে আঞ্চলিক বৈষম্য দূর করে সুষম বণ্টনের মাধ্যমে দেশের সব অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করতে হবে।
সংসদে তার এই বক্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই দেশের সব অঞ্চলে সমান উন্নয়নের দাবি এবং বাজেট বণ্টনে বৈষম্য দূর করার বিষয়টিকে সময়োপযোগী ও যৌক্তিক বলে মন্তব্য করছেন। আবার কেউ কেউ তার বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য নিয়েও আলোচনা করছেন।
বিশ্লেষকদের মতে, জাতীয় বাজেটে সুষম বণ্টন ও সমতাভিত্তিক উন্নয়নের প্রশ্নটি দীর্ঘদিন ধরেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়।
এ প্রেক্ষাপটে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের বক্তব্য নতুন করে এ বিতর্ককে সামনে নিয়ে এসেছে।
