
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান–২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় খাদ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচি ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার স্থানীয় খাদ্য গুদাম চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, অধ্যাপক মুজিবুর রহমান, রোকনুজ্জামান বকুল, আশিকুল রহমান লেমন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ রাশেদ ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামুনুর রশিদ এবং ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ নবাব। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, প্রগতিশীল কৃষক, সুধীজন ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, সরকারের খাদ্য সংগ্রহ কার্যক্রমের প্রধান লক্ষ্য হলো কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং তাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করা। তারা বলেন, এই উদ্যোগের ফলে প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
বক্তারা আরও বলেন, কৃষকদের স্বার্থ যাতে কোনো মধ্যস্বত্বভোগী ক্ষুণ্ণ করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে ধান ও চাল সংগ্রহ করা হবে।
