
মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ রুহুল আমিন এবং স্থানীয় মানবিক সমাজকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বেগম রোকেয়া যুব ব্লাড ডোনার ও দারিদ্র্য ফাউন্ডেশনের একদল তরুণ স্বেচ্ছাসেবী।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার তারাগঞ্জ স্কুল মাঠে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চলতি অবস্থায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা, সামাজিক দায়বদ্ধতা এবং সংগঠনের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়।
আলোচনায় মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সমস্যা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
২০২৪ সালে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া যুব ব্লাড ডোনার ও দারিদ্র্য ফাউন্ডেশন ইতোমধ্যে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় ১৩টি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিকেল চেকআপ ক্যাম্পের আয়োজন করেছে। রক্তদানে উৎসাহ প্রদান, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, বৃক্ষরোপণ এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে সংগঠনটি মানবসেবায় ভূমিকা রেখে চলেছে।
সংগঠনটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের মানবিক কার্যক্রম এগিয়ে নিতে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিরা নিয়মিত সাহায্য-সহযোগিতা ও পরামর্শ দিয়ে পাশে থাকেন। মানুষের প্রয়োজনে সাংগঠনিক ও ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। এ ছাড়া সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করতে বর্তমানে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।
সংগঠনটির সদস্যরা আশা প্রকাশ করেন, স্থানীয় সমাজকর্মী, সচেতন নাগরিক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
“মানবতার সেবায়, সবসময় পাশে”—এই স্লোগানকে ধারণ করে মানবিক সমাজ গঠন, মাদকমুক্ত পরিবেশ সৃষ্টি এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বেগম রোকেয়া যুব ব্লাড ডোনার ও দারিদ্র্য ফাউন্ডেশন।
