
মোঃ মুনজুর আলম, স্টাফ রিপোর্টার:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ মে) খুলনা নগরীর জোড়াগেট বাজার চত্বরে এ হাটের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন কোরবানিকে সামনে রেখে নগরবাসীর সুবিধার্থে খুলনা নগরীর ১৪০টি স্থানে পশু কোরবানির জন্য নির্ধারিত স্থান রাখা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা ও দ্রুত বর্জ্য অপসারণের লক্ষ্যে এবার নতুন উদ্যোগ গ্রহণ করেছে খুলনা সিটি কর্পোরেশন।
তিনি জানান, এই প্রথম নগরবাসীর জন্য প্রতিটি বাড়িতে কোরবানির পশুর বর্জ্য সংরক্ষণের জন্য আটটি করে বস্তা সরবরাহ করা হবে। পরে কেসিসির পরিচ্ছন্নতা কর্মীরা নির্ধারিত সময় অনুযায়ী এসব বর্জ্য সংগ্রহ করবেন।
তিনি আরও বলেন, “ড্রেন বা খোলা স্থানে পশুর বর্জ্য ও রক্ত ফেলা যাবে না। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। খুলনা শহরে বর্জ্য অপসারণ একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় দুপুর থেকে রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণের কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে।”
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যেন নির্ধারিত বস্তার মধ্যেই বর্জ্য সংরক্ষণ করেন। এতে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সহজ হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
