মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:

খুলনা মহানগরীর লবণচরা থানার পুটিমারি বাজার এলাকায় বিএনপির একটি কার্যালয়ে ঢুকে সন্ত্রাসীদের গুলিতে যুবদলের এক কর্মীসহ দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পুটিমারি বাজার সমিতির সভাপতি ও যুবদলের সক্রিয় কর্মী মাসুম শেখ (৩০) এবং তার শ্যালক জাহিদ হোসেন (২৫)। মাসুম শেখ লবণচরা এলাকার বেলায়েত শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন মাসুম শেখ। এ সময় মো. পারভেজ (৩৪) মোটরসাইকেলে করে সেখানে আসেন। পরে মাসুম শেখের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে পারভেজ মাসুমকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি মাসুমের কোমরের নিচের ডান পাশে বিদ্ধ হয়।
এরপর আরও একটি গুলি ছোড়া হলে তা জাহিদ হোসেনের ডান হাতের বাহুতে লাগে। ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পুটিমারি বাজার সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে মাসুম শেখের কাছে নিয়মিত চাঁদা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে লবণচরা থানা পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *