
মোঃ রফিকুল ইসলাম টিটু,
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস-২০২৬। কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দক্ষ কৃষি জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, কৃষিকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী করে তুলতে ২০২৩ সালে শুরু হওয়া পার্টনার প্রকল্পের কার্যক্রম ২০২৮ সাল পর্যন্ত চলমান থাকবে। প্রকল্পের আওতায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, প্রদর্শনী প্লট স্থাপন এবং মাঠপর্যায়ে কার্যকর কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের অতিরিক্ত কৃষি উপপরিচালক নাজমুল কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. চঞ্চল মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন কৃষক মো. আব্দুল আজিজ, কারিতাস বাংলাদেশের এসআরএম সৌরভ, ধর্মপাশা প্রেসক্লাব সভাপতি মো. সেলিম আহমেদ, সাংবাদিক রাজু ভুইয়া ও এমারুল হক।
বক্তারা বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই খাতে রূপান্তর করতে মাঠপর্যায়ে প্রশিক্ষণ, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে হাওরাঞ্চলের কৃষিকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত বীজ, জৈবসার প্রয়োগ ও কৃষি শিক্ষার প্রসারে জোর দিতে হবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত কৃষক-কৃষাণীদের সামনে উপজেলার চলমান কৃষি কার্যক্রম তুলে ধরেন। তিনি ধান ও সবজি চাষ, প্রদর্শনী প্লট, জৈবসার ব্যবহার, বীজ ও রোপণ পদ্ধতি এবং হাওরাঞ্চলে কৃষির গুরুত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে কৃষি স্কুলগুলোকে আরও কার্যকর করা এবং কৃষক-কৃষাণীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এতে বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কৃষক-কৃষাণী, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের আয়োজন আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে জানার পাশাপাশি বাস্তব ক্ষেত্রে তা প্রয়োগে তাদের উৎসাহিত করবে।
আরিফ খান।
