নিজস্ব প্রতিবেদক
সারা দেশের সাড়ে তিন লাখ খুদে শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল। দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ইতোমধ্যে ফলাফল প্রস্তুতের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
কতজন পাবেন এই বৃত্তি? মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের কোটা বরাদ্দ করা হয়েছে। উপজেলা পর্যায় ও শিক্ষা বোর্ডগুলোর আনুপাতিক হার অনুযায়ী এই বৃত্তি বণ্টন করা হবে।
পরীক্ষার প্রেক্ষাপট গত ২৮ ডিসেম্বর সারা দেশের ৬১১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছিল। মোট ৩ লাখ ৫০ হাজার শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রথম তিন দিনের পরীক্ষা সূচি অনুযায়ী অনুষ্ঠিত হলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের কারণে গত ৩১ ডিসেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে সেই স্থগিত পরীক্ষাটি ২০২৬ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
ফল দেখবেন যেভাবে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা আগামীকাল দুপুর ১টার পর ফলাফল সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত নীতিমালা অনুযায়ী স্বচ্ছতার ভিত্তিতেই এই ফলাফল প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।