
(ছবি: সংগৃহীত)
নিজস্ব প্রতিবেদক | দৈনিক জনকামনা
জুলাই বিপ্লবের সময় রাজধানীর চানখারপুল এলাকায় শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই ঐতিহাসিক রায় দেবেন।
এর আগে গত ২০ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য থাকলেও প্রস্তুতি শেষ না হওয়ায় তারিখ পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। রাষ্ট্রপক্ষ ২৬ জন সাক্ষীর জবানবন্দি ছাড়াও অডিও-ভিডিও ফুটেজ এবং ফরেনসিক প্রমাণাদি আদালতে উপস্থাপন করেছে। প্রসিকিউশন পক্ষ থেকে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।
এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলামসহ আট পুলিশ কর্মকর্তা। আসামিদের মধ্যে চারজন বর্তমানে কারাগারে থাকলেও হাবিবুর রহমানসহ বাকিরা পলাতক রয়েছেন।
অভিযোগ অনুযায়ী, গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিদের প্রত্যক্ষ নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া শহীদ হন। মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ।
