
নিজস্ব প্রতিবেদক | দৈনিক জনকামনা
বিএনপির নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে। দীর্ঘ দুই দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে বিপুল উৎসাহ-উদ্দীপনা।
আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকেই চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য তিন জেলা থেকে ব্যানার, ফেস্টুন এবং ধানের শীষের প্রতিকৃতি নিয়ে হাজার হাজার মানুষ সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের অনেক আগেই পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।
সকাল ৯টায় হোটেল রেডিসন ব্লুতে তরুণদের সঙ্গে ‘দ্য প্ল্যান’ শীর্ষক পলিসি টক অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ডের মূল মঞ্চে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই সমাবেশ থেকে তিনি বৃহত্তর চট্টগ্রামের সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানিয়েছেন, সমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে তাঁরা আশাবাদী। জনসভাকে কেন্দ্র করে নগরীতে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
