
(ছবি: সংগৃহীত)
ডেস্ক রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী সংগ্রামের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে আমরা নিজেরা যেমন চাঁদাবাজি বা দুর্নীতি করব না, ঠিক তেমনি অন্য কাউকেও দুর্নীতি করতে দেব না।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে জেলা ১০ দলীয় ঐক্যের আয়োজনে এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিনে ঢাকা থেকে পঞ্চগড় হয়ে দিনাজপুরের এই জনসভায় যোগ দেন তিনি।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, “আমরা জনগণকে সাথে নিয়ে একটি জনবান্ধব বাংলাদেশ গড়তে চাই। যেখানে ধর্মে-ধর্মে কোনো সংঘাত থাকবে না। যারা দেশের টাকা চুরি করে বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।”
দিনাজপুরের উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই জেলা দেশের খাদ্যের বড় একটি অংশ জোগান দেয়। তাই এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে এবং লিচু ও আলুর জন্য বিশেষ সংরক্ষণাগার তৈরি করা হবে। পাশাপাশি দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরিত করার ঘোষণা দেন তিনি।
উন্নত স্বাস্থ্যসেবা ও শিক্ষার বিষয়ে জামায়াত আমির বলেন, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ এবং মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এছাড়া নারীদের জন্য বাড়ি ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুরের সভাপতিত্বে এবং মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এছাড়াও সভায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ ১০ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থীরা বক্তব্য প্রদান করেন।
