নিজস্ব প্রতিবেদক:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোট সরকার গঠন করবে। তাঁর দাবি, ইসলামিক রাজনৈতিক দলগুলোর পাশাপাশি মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাসসম্পন্ন দল এবং সাম্প্রতিক সময়ে গঠিত কয়েকটি রাজনৈতিক শক্তি একত্রিত হয়ে এই জোট গঠন করেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার একটি দলীয় কার্যালয়ে উদ্বোধন ও নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, বর্তমানে একদিকে একটি রাজনৈতিক দল মাঠে রয়েছে, অন্যদিকে জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। তাঁর ভাষায়, জনগণ অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছে এবং এবার নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তিনি দাবি করেন, সাধারণ মানুষের মধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রতি আগ্রহ ও সমর্থন বাড়ছে।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ চাঁদাবাজি, দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গে জড়িতদের প্রত্যাখ্যান করবে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে কারা সন্ত্রাস ও অনিয়মের সঙ্গে যুক্ত, সে বিষয়ে জনগণ সচেতন বলেও মন্তব্য করেন তিনি।
উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য দেন কুমিল্লা জেলা জামায়াতের সাবেক আমির আবদুস ছাত্তার, বর্তমান আমির অ্যাডভোকেট শাহজাহান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম ও আবুল খায়েরসহ স্থানীয় নেতারা।
সভায় বক্তারা নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভোটারদের মধ্যে বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।