নিজস্ব প্রতিবেদক | দৈনিক জনকামনা
ঢাকার সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে বিরুলিয়া ইউনিয়নের আকরাইন-সাভার সড়কের কালিয়াকৈর এলাকায় এ ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একদল ডাকাত। এ সময় একটি প্রাইভেটকার ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ধারালো অস্ত্র নিয়ে ডাকাত সদস্যরা গাড়িটির গতিরোধ করার চেষ্টা করে। চালক গাড়ি না থামিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে ডাকাতরা গাড়িতে হামলা চালায়, এতে জানালার কাচ ভেঙে যায়। তবে চালকের সাহসিকতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন জানান, ভোরে সড়কে গাড়ির স্বাভাবিক চলাচল ব্যাহত দেখে পুলিশ এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ তাদের ধাওয়া করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, “আমরা ভাইরাল হওয়া ভিডিওটি দেখেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।” ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।