মোহাম্মদ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট।
বাগেরহাটের মোংলায় র্যাবের (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) ভুয়া পরিচয় ব্যবহার করে নিজেকে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগে মো. আবু হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেলে মোংলা থানার এসআই (নিঃ) দেবাশীষ মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত আবু হাসান বাগেরহাটের রামপাল উপজেলার গড়বুনিয়া গ্রামের ইউনুচ আলী শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোংলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে মোংলা ইপিজেড ক্যাফের দক্ষিণ পাশে পাকা সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে র্যাবের লোগো ও তার ছবি সংবলিত দুটি ভুয়া পরিচয়পত্র এবং র্যাবের লোগোযুক্ত আরও একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পরিচয়পত্রগুলোতে ইংরেজিতে “MD. ABU HASSAN” এবং “ID No-420840” উল্লেখ ছিল। পুলিশ জানিয়েছে, এসব পরিচয়পত্র ব্যবহার করে তিনি নিজেকে র্যাবের গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন।
জিজ্ঞাসাবাদের সময় আবু হাসান উপস্থিত সাক্ষীদের সামনেও নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দাবি করেন এবং ভুয়া পরিচয়পত্র প্রদর্শন করেন। পরে তিনি নিজেই এসব আলামত বের করে দিলে সেগুলো জব্দ করা হয়। এসআই দেবাশীষ মন্ডল জব্দ তালিকার মাধ্যমে আলামতগুলো জব্দ করে তাকে পুলিশ হেফাজতে নেন।