তাওহীদ উল ইসলাম 

 

চাষার ছেলে মরলো মাঠে

দাঁত কেলিয়ে মুদি হাসে

মজদুর মরে মোটের ভারে

বাবু একটু জেড়ে কাসে

 

মুদির কেনা ভেজাল চালে

বাবুর দাঁতে ভাঙন ধরে

আপন ছেলে পিত্ত জ্বরে

ভেজাল ওষুধ খেয়ে মরে

 

বাবুর সাহেব অকারণে

খিল্লি করে মাঝ আফিসে

রাগ ঝাড়ে বাবু বউয়ের কাছে

রাগ করে বউ তালাক কসে

 

মদ খেয়ে বাবুর যকৃৎ কালো

আর কত যে তার বিসুখ হলো

পত্নী বিয়োগ না পেরে সইতে

রেল তলে বাবু গেলো মরতে

 

সবাই মরে অনাহারে

সবাই মরে অকারণে

ওখানে এই চাষার ছেলে

ডাক পাঠালো কেন্দ্র-জেলে

 

এই ছেলেটাও মাঠে খাটে

তবু সয়না পীড়ন বাবুর মুদির

এই ছেলেটা কথা বলে

নাড়িয়ে খুঁটি রাজার গদির

 

এমনি কত চাষার ছেলে

হীরক রাজের দড়ি তেলে

ব্রিটিশ এরশার হাসিনা পড়ে

মহাজনের কি টনক নড়ে

 

যেই ছেলেটা কথা বলে

ছুটে চলে যে জল স্থলে

কীভাবে তারে বদিবে তুমি

যার মৃত্যু না হয় মাতৃভূমি

 

এই মাটিতে আবার যবে

কুলি মুটেরা হবে শোষণ

আমরা সবাই চাষার ছেলে

বলবো কথা, শুনো মহাজন

 

শোনো মহাজন

আমরা মরবো যখন

এই রক্ত কনা লাভা হয়ে

তোমায় করবে দহন

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।