লেখকঃহোসনেয়ারা আক্তার (খুশি)

আমাকে জিজ্ঞেস করো, পেয়ে হারানোর ব্যথা কাকে বলে? ভালোবেসে নিজেকে বিসর্জন দেওয়ার কষ্ট কাকে বলে? আকুল করা ভালোবাসা পেয়েও যখন ফিরে তাকানোর সুযোগ থাকে না, তখন নিজের সুখ, আনন্দ, শান্তি, স্বস্তি, বাসনা আর কামনা থেকে নিজেকে আড়াল করে রাখার যন্ত্রণা কেমন, তা কি কেউ জানে?

নিজের সুখগুলোকে মনের মধ্যে দুমড়ে-মুচড়ে মেরে ফেলার যন্ত্রণা কতটা গভীর, তা কেউ উপলব্ধি করতে পারে না। মানুষ শুধু সহানুভূতি দেখাতে পারে। কিন্তু আমি জানি, এসবই মিছে মায়া। এর কোনো অস্তিত্ব নেই, নেই কোনো মূল্য। আছে শুধু দয়া আর করুণা, ভালোবাসা নেই।

মনের মধ্যে যখন ভালোবাসা আলিঙ্গন করে, তখন মনে হয়, সব মায়া ত্যাগ করে নিজের সুখটুকু খুঁজি। নিজের মতো করে বাঁচি, নিজের আনন্দগুলোকে আবার ফিরে পাই। কিন্তু যখন মনের ভেতর উত্তাল সাগরের মতো ঢেউ ওঠে, তখন মনে হয়, চারপাশের বাঁধগুলো সেই ঢেউয়ের আঘাতে ভেঙে দুমড়ে-মুচড়ে থুবড়ে পড়ছে। সবকিছু যেন তছনছ হয়ে যাচ্ছে।

মন বড়ই অদ্ভুত এক জিনিস। সে কখন কী চায়, তা বোঝা বড় কঠিন। মাঝে মাঝে মনের অবস্থা এমন হয়, যেন এইমাত্র বৃষ্টি হলো, অথচ কিছুক্ষণ পরেই আকাশে রোদ উঠল। কখন মন কী চায়, নিজেই যেন বুঝতে পারি না।

কখনো মন বাতাস ছুঁতে চায়, চারদিকে ঘুরে বেড়াতে চায়। কখনো মেঘ হয়ে ঝরে পড়তে চায়। কখনো আবার আকাশের তারাদের সঙ্গে মিশে বিশাল আকাশজুড়ে ঘুরে বেড়াতে চায়, অজানা কোনো দ্বীপের মতো হারিয়ে যেতে চায় দূর অচিন দেশে।

চারদিকে সবুজে ঘেরা বিশাল সমুদ্রভূমি, মাঝে মাঝে ছোট ছোট পাহাড়-পর্বত। তাদের যেন ইচ্ছে হয় হিমালয় ছুঁয়ে দেখার। মনও চায় পাখির মতো ডানা মেলে আকাশে উড়তে।

কিন্তু হঠাৎ সে বুঝতে পারে, তার তো কোনো ডানাই নেই। তখন কল্পনার জগৎ থেকে ফিরে আসে বাস্তবে। বুঝতে পারে, তার অবস্থান কোথায়, তার সীমাবদ্ধতা কতটুকু।

তখন বুকের ভেতর থেকে একটা আকুতি উঠে আসে, বাঁধনহারা পাখির মতো আমাকেও উড়তে দাও। আমাকে মুক্ত আকাশে ছেড়ে দাও। আমি বিশুদ্ধ বাতাসে প্রাণভরে নিশ্বাস নিতে চাই। মন খুলে হাসতে চাই। বলতে চাই মনের মধ্যে জমে থাকা সেই না-বলা কথাগুলো, যেগুলো কাউকে কখনো বলা হয়নি।

কিন্তু আশ্চর্যের বিষয়, সেই না-বলা কথাগুলো কখন যে অশ্রু হয়ে চোখ বেয়ে ঝরে পড়ে, তা নিজেও বুঝতে পারি না। মনে হয়, চোখের জলই যেন আমার মনের ভাষা বুঝতে পারে। যে কথাগুলো মুখে বলা যায় না, সেগুলোই নীরবে অশ্রু হয়ে প্রকাশ পায়।

তোমরা কি কখনো রক্তজবা ফুলের গাছ দেখেছ? গাছভর্তি কী সুন্দর ফুল ফুটে থাকে! লাল আর সবুজ যেন একসঙ্গে মিশে একাকার হয়ে গেছে। সবুজ পাতার বুক চিরে ফুটে থাকা রক্তলাল ফুলগুলোকে দূর থেকে দেখলে মনে হয়, প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে এক অপূর্ব দৃশ্য।

আর সেই দৃশ্যের মাঝখানে যদি কাউকে লাল শাড়ি পরে উঠানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তাহলে কেমন লাগবে?

সবুজের বুকে লাল ফুল, আর তার পাশে লাল শাড়ি পরা এক মানুষ। মনে হবে, প্রকৃতির রং আর মানুষের সৌন্দর্য যেন একই ছবিতে এসে মিলেছে।

কখনো কখনো মনও এমন একটি দৃশ্যের মধ্যে হারিয়ে যেতে চায়। যেখানে কষ্ট নেই, হারানোর ভয় নেই, ভালোবাসার প্রতিদান চাওয়ার প্রয়োজন নেই। আছে শুধু একটুখানি শান্তি, নিজের মতো করে বেঁচে থাকার স্বাধীনতা আর বুকভরে নিশ্বাস নেওয়ার সুযোগ।