স্পোর্টস ডেস্ক
ছবি: দ্য এইজ
২০২৬ বিশ্বকাপ ফাইনালের শিরোপা উদযাপনের মুহূর্তে ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিজয়ী দল স্পেনের হাতে কাঙ্ক্ষিত ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চ ছাড়তে অস্বীকৃতি জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অদ্ভুত ও জেদি আচরণের কারণে পুরষ্কার বিতরণী মঞ্চে চরম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে।
ম্যাচ শেষে ট্রফি হস্তান্তরের আনুষ্ঠানিকতায় ফিফা প্রধানের সাথে মঞ্চে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা দুজনে যৌথভাবে দু’দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন এবং স্প্যানিশ অধিনায়ক রদ্রির হাতে সোনালী ট্রফিটি তুলে দেন।
সরে যেতে অনীহা ও নাটকীয় পরিস্থিতি
ট্রফি হস্তান্তরের পরই মূল বিতর্ক শুরু হয়। স্পেনের খেলোয়াড়রা উল্লাসে মাততে শুরু করলেও ট্রাম্প মঞ্চেই দাঁড়িয়ে থাকেন। বিশ্বজয়ী ফুটবলাদের উদযাপনের সুযোগ করে দিতে ফিফার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বারবার সরে দাঁড়ানোর অনুরোধ জানান। কিন্তু তিনি এতে কর্ণপাত না করে উদযাপনের একেবারে কেন্দ্রে দাঁড়িয়ে থাকেন।
একপর্যায়ে খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজেই উদ্যোগ নিয়ে ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। শেষ পর্যন্ত বিজয়ী স্প্যানিশ তারকাদের পাশাপাশি দাঁড়িয়েই পুরো উদযাপনের আলোকচিত্রে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, স্টেডিয়ামে খেলা দেখতে আসার পর থেকেই গ্যালারিতে দর্শকদের একাংশের তীব্র বিদ্রুপ ও শিস ধ্বনির মুখে পড়েছিলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের জন্য এমন ঘটনা অবশ্য নতুন নয়; এর আগে চেলসির ক্লাব বিশ্বকাপ জয়ের পরও খেলোয়াড়দের সাথে মঞ্চে উদযাপনে দাঁড়িয়ে গিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন তিনি।