অনলাইন ডেস্ক

​“আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে আসছি”—আলোচনা সভায় এক ছাত্রদল নেতাকে উদ্দেশ্য করে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় পুলিশ সুপারের দেওয়া এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

​ঐ আলোচনা সভায় পুলিশ সুপারের সাথে বিতর্কে জড়ানো নেতার নাম ফখরুল ইসলাম মিঠু, যিনি কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

​ফ্যাসিস্ট ও পুলিশ নিয়ে তুমুল বাগবিতণ্ডা

সভার একপর্যায়ে ফখরুল ইসলাম মিঠু পুলিশ সুপারকে উদ্দেশ্য করে অভিযোগ তোলেন, “আপনি কুমিল্লায় আসার পর ফ্যাসিস্টরা কুমিল্লায় চলে এসেছে। আপনি তাদের গ্রেপ্তার করছেন না।”

​তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এসপি আনিসুজ্জামান বলেন, “এটা পলিটিক্সের মঞ্চ না। একটা বাহিনী সম্পর্কে আপনি এভাবে ঢালাও কথা বলতে পারেন না। ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়। আপনি যখন একটা মিটিংয়ে কথা বলবেন, তখন তথ্য নিয়ে কথা বলবেন।”

​এরপর ছাত্রদল নেতা মিঠু পুনরায় মাইক নিয়ে পাল্টা দাবি করেন, “আমরা যখন আপনাদের তথ্য দেই, তখন আপনারা গ্রেপ্তার করেন না।”

​‘যাকে পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানাচ্ছেন’

ছাত্রদল নেতার দাবির জবাবে পুলিশ সুপার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা নিজেদের ব্যক্তিগত শত্রুকে এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে আপনাদের পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট সাজাচ্ছেন।”

​পুলিশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এসপি আনিসুজ্জামান আরও বলেন, “গত ৫ আগস্টের পর দেশে কোনো পুলিশ ছিল না। সেই পুলিশ এখন ঘুরে দাঁড়িয়েছে। ১৭ বছর ধরে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, তাই এখনো ফ্যাসিবাদের লোকজন তো পুলিশে আছেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র চার মাস। সরকারকে একটু সময় দিতে হবে।”

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই বক্তব্য কুমিল্লার রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।