খুলনা প্রতিনিধি:
ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী মরিয়ম ইসলামের চিকিৎসা সহায়তায় মানবিক উদ্যোগ হিসেবে খুলনা আর্ট একাডেমি গত ১ জুন থেকে ৭ জুন ২০২৬ পর্যন্ত এক সপ্তাহব্যাপী বিশেষ ভর্তি কার্যক্রম পরিচালনা করে। এই সময়ে ছবি আঁকা, চারুকলা, আবৃত্তি, সঙ্গীত ও হাতের লেখার বিভাগে নতুন শিক্ষার্থীদের ভর্তি থেকে প্রাপ্ত সম্পূর্ণ ভর্তি ফি মরিয়ম ইসলামের চিকিৎসা তহবিলে প্রদান করার ঘোষণা দেওয়া হয়েছিল।খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের উদ্যোগে পরিচালিত এই কার্যক্রমে শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এর আগে ১৯ মে থেকে ২৬ মে পর্যন্ত বিভিন্ন উৎস থেকে সংগৃহীত ৬১২০ টাকা মরিয়মের মায়ের হাতে তুলে দেওয়া হয়েছিল।এক সপ্তাহের এই বিশেষ ভর্তি কার্যক্রম শেষে ৮জুন মরিয়মের মায়ের হাতে ১৯০০ টাকা সহ মোট ৮০২০ টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী চিরঞ্জিত মন্ডল, মিলন দাস, নুসরাত জাহান। চিত্রশিল্পী মিলন বিশ্বাস মরিয়ম ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার চিকিৎসার জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, “একজন মেধাবী শিক্ষার্থীর জীবন রক্ষায় সবাইকে মানবিক দায়িত্ব থেকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টাই পারে মরিয়মকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে।”খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে মরিয়ম ইসলাম ও তার পরিবারের জন্য সকলের কাছে আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।