সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন। শনিবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের গেরাদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে একটি খননযন্ত্র(এক্সকাভেটর) অকার্যকর করা হয় এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাক আটক করা হয়েছে।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে খননযন্ত্র ব্যবহার করে মাটি কেটে ইটভাটা ও বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল একটি অসাধু চক্র। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছিল।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গেরাদিয়া এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে একটি এক্সকাভেটর অকার্যকর করা হয় এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, বিধিনিষেধ উপেক্ষা করে দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।
তিনি আরও জানান, অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে প্রশাসনের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *