193

নিজস্ব প্রতিবেদক:
বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিশু ও নারী নির্যাতন এবং হত্যাকাণ্ড আমাদের সমাজের অসুস্থতার পরিচয় বহন করে। এই অবস্থার জন্য জাতি হিসাবে আমরা লজ্জিত এবং আতঙ্কিত। যে সমাজে শিশুরা নিরাপদ নয়। সে সমাজ অভিশপ্ত সমাজ। সেখানে মানবতার বিকাশ রুদ্ধ হতে বাধ্য। শিশুরা আগামী দিনের নেতৃত্ব দিবে জাতির। সেই শিশুরাই যদি ভয় ও নিশ্চয়তার ভেতর দিয়ে বড় হয় তাহলে তারা মানসিকভাবে শক্তিশালী হতে পারবে না। যে সমাজ মানবিক সমাজ হয়ে ওঠে না সে সমাজ মানবজাতির জন্য কোন উপকারে আসতে পারে না। নারী নির্যাতনও খুবই খারাপ অবস্থায় আছে। শুধু নারীরাই নয় পুরুষরাও নানারকম হত্যাকান্ডের শিকার হচ্ছে। যা মোটেও কাম্য নয়। স্বাধীন সার্বভৌম মুসলিম প্রধান দেশ বাংলাদেশ। আমরা ধর্মভীরু জাতি হিসেবে প্রচার পেয়ে থাকি। দুর্ভাগ্য, আমরা ধর্মের চর্চায় অনেক পিছিয়ে আছি। আমাদের সমাজ ও রাষ্ট্র অনেক ক্ষেত্রেই কুশিক্ষার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সুতরাং আমরা বর্তমান নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব, রাষ্ট্রের এই অসুখ সারানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও করণীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করবেন। সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা দেখতে পাই না। তাহলে এই সকল অপরাধ দমনে দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন করতে হবে। রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও তার বিচার দ্রুত করতে হবে। রাষ্ট্র তথা সমাজ কখনোই শিশু ও নারীদের জন্য অনিরাপদ হতে পারে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিপুল ম্যান্ডেট পাওয়া এই সরকার সমাজ মেরামতের ব্যবস্থা গ্রহণ করে মানুষের মাঝে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে দিবেন। প্রতিটি শিশু যেন ভয় ও আতঙ্কমুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে তা নিশ্চিত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *