পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে লাইসেন্সবিহীন ব্যক্তিদের দ্বারা বিয়ে পড়ানোর অভিযোগ উঠেছে।

আজ (১৭ আগষ্ট) সুলতানপুরে একটি বিয়ের অনুষ্ঠানে দুইজন মসজিদের ইমাম নিকাহ রেজিস্ট্রারের বই নিয়ে বিয়ের কাজ করছিলেন এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা ঘটনাস্থলে যান।

জিজ্ঞাসাবাদে তারা জানান, বইটি আহমদিয়া ইউনিয়নের কাজীর। কাজীর নাম ফরিদ কাজী।

স্থানীয় ও রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগে ফরিদ কাজীর লাইসেন্স ইতিপূর্বে বাতিল করা হয়েছে এবং ওই ইউনিয়নে নতুন কাজী হিসেবে আমিনুদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাতিলকৃত বই দিয়ে অন্য ইউনিয়নে বিয়ে পড়ানো আইনত বৈধ নয়।

প্রশ্নের মুখে তারা বৈধ কোনো কাগজ দেখাতে পারেননি। পরে ঘটনাস্থলের ছবি ও ভিডিও ধারণ করে স্থানীয়রা চলে আসেন। কাউকে আটক বা হেনস্তা করা হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র এভাবে গোপনে বিয়ের কাজ চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন, কারণ বাতিল বইয়ে রেজিস্ট্রি হওয়া বিয়ে আইনগতভাবে বৈধ হবে না।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পলাশ উপজেলা নির্বাহী অফিসার (UNO) এবং নরসিংদী জেলা রেজিস্ট্রারের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।