খুলনা ব্যুরো।
খুলনার বটিয়াঘাটায় সর্বস্তরের মানুষের মাঝে গ্রাম আদালতের আইনি সেবা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বার্ষিক ক্যাম্পেইন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় ২নং বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সচেতনতামূলক প্রচার অভিযানের আয়োজন করা হয়।
২নং বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) থান্দার কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন:
”গ্রাম আদালত গ্রামীণ জনপদের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আইনি সহায়তার এক অনন্য আশ্রয়স্থল। অতি অল্প সময়ে, নামমাত্র খরচে এবং কোনো প্রকার হয়রানি ছাড়াই এখানে ছোটখাটো বিরোধের সুষ্ঠু ও আইনি সমাধান পাওয়া সম্ভব। এই আদালতের কার্যকারিতা যত বাড়বে, সাধারণ মানুষের ওপর মামলার বোঝা এবং আদালতের ওপর চাপ ততটাই হ্রাস পাবে।”
তিনি সমাজের সর্বস্তরের মানুষকে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতন হওয়ার এবং একে আরও বেগবান করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বটিয়াঘাটার প্রতিটি মানুষ যাতে গ্রাম আদালতের সুফল পেতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—
বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের সচিব চিরঞ্জীব রায়
প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য বিবেক সত্যি
ইউপি সদস্য কিংকর রায়, মিলন বৈরাগী, হিমাংশু, গোবিন্দ, মো. ওবায়দুল, পবিত্র রায় ও প্রসেনজিত
নারী ইউপি সদস্য রমা মন্ডল, লিপিকা জোদ্দার ও পপি রাণী।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
এর আগে, দিবসটি উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে স্লোগানের মাধ্যমে গ্রাম আদালতের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবা সম্পর্কিত বার্তা সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। ক্যাম্পেইন শেষে উপস্থিত জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।