মুন্সি শাহাব উদ্দিন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৮ জুন) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী ‘এভারগ্রীন’ এসি বাস এবং ‘চকরিয়া সার্ভিস’ নামের একটি মিনিবাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, মিনিবাসটি দুমড়ে-মুচড়ে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। বাসটির ছাদ ছিটকে সড়কের ওপর পড়ে যায় এবং মূল অংশ রাস্তার পাশের ফুটপাতে গিয়ে আছড়ে পড়ে। অন্যদিকে এভারগ্রীন এসি বাসটির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পথচারীরা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মালুমঘাট, চকরিয়া এবং আশপাশের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে বাসের চালক, হেলপার এবং কয়েকজন নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও উদ্ধারকারী দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পুলিশ সুত্রে জানা যায়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও দেশের মহাসড়কগুলোতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে সামনে এনে দিয়েছে। নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, আর আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয়রা।