
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে ‘নারীর ক্ষমতায়ন ও শান্তি-সম্প্রীতি রক্ষায় নারীর ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ অক্টোবর (শনিবার) মনোহরদী শিল্পকলা একাডেমি মিলনায়তনে সামাজিক সংগঠন ‘মনোহরদী ওয়েভ’ এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়েভ-এর সম্মানিত সদস্য সৈয়দা সালেহা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের অন্যতম সদস্য হাসিনা হিমু।
সভায় আমন্ত্রিত অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য। এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— ওয়েভ সদস্য হ্যাপি, আইভি রহমান, জান্নাতুল নাইম শিখা, শেখ জুয়েনা আক্তার টুম্পা, পিস অ্যাম্বাসেডর সাইদুর রহমান তসলিম, এমদাদুল হক টিটো, আসাদুজ্জামান নূর এবং মাসুদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা দেশে নারী ও কন্যাশিশুদের ওপর প্রতিনিয়ত চলমান শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, নারীদের সুরক্ষায় এবং সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে হলে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। নারী অধিকার রক্ষা না হলে মানব সভ্যতা হুমকির মুখে পড়বে।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে শ্রমবাজারে নারীর নিরাপদ অংশগ্রহণের পরিবেশ রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। নারী ও পুরুষের সমান অংশীদারিত্ব ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশকে একটি উন্নত ও সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসেবে এগিয়ে নেওয়া সম্ভব।
উক্ত আলোচনা সভায় ওয়েভ, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
