মোঃ রেজন মিয়া (তুফান)
আমাদের মেসি নেই, নেই নেইমার বা এমবাপ্পেও। কিন্তু আমাদের আছে হামজা চৌধুরী। এই একটি নাম আজ কোটি ফুটবলপ্রেমী বাংলাদেশির বুকভরা স্বপ্নের প্রতীক। তাঁর প্রতি রইল আন্তরিক দোয়া ও অফুরন্ত শুভকামনা। আমাদের বিশ্বাস, নিজের মেধা, পরিশ্রম আর অসাধারণ নৈপুণ্যে তিনি বিশ্বদরবারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবেন।
আমরা জেনেছি, হামজা চৌধুরী ব্যক্তিগতভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত। আমিও রোনালদোকে সমর্থন করি। তবে কে কাকে অনুসরণ করবে, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আসল কথা হলো, হামজা যেন নিজের পরিচয়ে পরিচিত হন। তবুও যদি রোনালদোর অদম্য মানসিকতা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং জয়ের ক্ষুধা নিজের মধ্যে ধারণ করতে পারেন, তাহলে একদিন তিনিও কোটি মানুষের অনুপ্রেরণার নাম হয়ে উঠবেন।
রোনালদো শুধু ফুটবলের এক কিংবদন্তিই নন, মানবিক কর্মকাণ্ডের জন্যও সারা বিশ্বে সম্মানিত। একজন খেলোয়াড়ের প্রকৃত পরিচয় শুধু তাঁর গোল বা ট্রফিতে নয়, তাঁর চরিত্র ও মানবিকতাতেও ফুটে ওঠে। সেই আলোয় হামজাও একদিন উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠুন, এটাই আমাদের কামনা।
আজ আমরা অনেকেই আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, স্পেন কিংবা অন্য দেশের পতাকা হাতে নিই। কিন্তু সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীরা বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে আমাদের দলকে সমর্থন করবে। সেই স্বপ্ন অসম্ভব নয়, যদি আমরা নিজেদের প্রতিভার ওপর বিশ্বাস রাখি।
স্পেনের লামিন ইয়ামাল যেমন বিশ্বকে নিজের প্রতিভা দেখিয়ে বিস্মিত করছেন, তেমনি বাংলাদেশের মাটিতেও অসংখ্য লুকিয়ে থাকা প্রতিভা রয়েছে। প্রয়োজন শুধু তাদের খুঁজে বের করা, সঠিক পরিচর্যা করা এবং এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া। এটি শুধু ফুটবল ফেডারেশনের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব।
দেশকে ভালোবাসা শুধু মুখের কথায় নয়, কাজেও প্রমাণ করতে হয়। আসুন, আমরা আমাদের খেলোয়াড়দের পাশে দাঁড়াই, তাদের সাহস দিই, তাদের স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করি। কারণ একজন হামজার সাফল্য শুধু একজন ফুটবলারের সাফল্য নয়, এটি পুরো বাংলাদেশের গর্ব, সম্মান এবং আগামী প্রজন্মের জন্য এক নতুন আশার গল্প।