
মোঃ মুনজুর আলম, স্টাফ রিপোর্টারঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলার ‘তেঁতুলতলার ত্রাস’ হিসেবে পরিচিত, হত্যাচেষ্টা, মাদক ও ধর্ষণসহ মোট ২২টি মামলার দুর্ধর্ষ আসামি ইমরান হাওলাদারকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-৬। গত ১৬ জুন (২০২৬) সন্ধ্যা ৬টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন বিশ্বরোড টেক্সটাইল কলেজের সামনে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমরান হাওলাদার বটিয়াঘাটা উপজেলার গজালমারী এলাকার বজলু হাওলাদারের ছেলে।
র্যাব-৬ (সিপিসি স্পেশাল কোম্পানি) সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল লবণচরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রফতার করে। পরবর্তীতে র্যাবের প্রাথমিক তথ্য যাচাই ও অপরাধ রেকর্ড (পিসি-পিআর) পর্যালোচনা করে দেখা যায়, ইমরান হাওলাদারের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় ৩টি হত্যাচেষ্টা মামলা, ১টি ধর্ষণ মামলা, ৮টি মাদক মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ২২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় সে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে ছিল।
র্যাবের বক্তব্য:
“মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং চাঞ্চল্যকর অপরাধ দমনে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।”
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ইমরান হাওলাদারকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় ‘ত্রাস’ হিসেবে পরিচিত এই অপরাধী গ্রেফতার হওয়ায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তি নেমে এসেছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
