119

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী।

তরুণ প্রজন্মের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারাকে বিকশিত করার লক্ষ্যে নীলফামারীর ডিমলায় অনুষ্ঠিত হয়েছে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম”।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিকল্পনা এবং নতুন নতুন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশকে আধুনিক ও স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে হলে তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগাতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি হবে, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আফরোজা বেগম, ব্যানবেইসের সহকারী প্রোগ্রামার মো. শাহানুর আলম, ডিমলা বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. রফিক আজিজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন। প্রযুক্তিনির্ভর নানা উদ্যোগ ও বিজ্ঞানভিত্তিক গবেষণাধর্মী প্রকল্প উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
আয়োজকরা জানান, বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *