এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজাসহ হামেদুল ইসলাম (৩৫) ও রশিদ(৪৪) নামের দু’জনকে গ্রেপ্তার করেছে।
গতকাল রবিবার (৭ জুন) গভীর রাতে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাউল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত হামেদুল ইসলাম তুলারবাউল এলাকার এজামুল হকের ছেলে এবং রশিদ একই এলাকার মৃত এজামুদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আজ দুপুরে প্রেস ব্রিফিং করেন নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বেশ কিছুদিন ধরে নিয়ামতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান পাঁড়ইল ইউনিয়নে প্রবেশ করেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় গত রাতে অভিযান চালিয়ে একটি মাটির দোতলা বাড়ির শোয়ার ঘরে অভিযান চালিয়ে ১০ টি গাঁজার প্যাকেট( যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা) উদ্ধার করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।