মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী।
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই চাচাতো বোনের করুণ মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো রবিয়াল ইসলামের কন্যা রুপাইয়া (৪) এবং আউয়াল হোসেনের কন্যা আশফিকা (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশেই খেলাধুলা করছিল দুই শিশুকন্যা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা নিকটস্থ একটি পুকুরে নামে। সাঁতার না জানার কারণে তারা পানিতে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
কিছুক্ষণ পর শিশু দুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করা হয়। উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশু উত্তর সোনাখুলী গ্রামের মরহুম মোকলেসুর রহমানের দুই ছেলের সন্তান। একই পরিবারের দুই শিশুর এমন অকাল মৃত্যুতে স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। এলাকায়ও বিরাজ করছে গভীর শোক ও বেদনাময় পরিবেশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী জানান, একই পরিবারের দুই অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকাবাসী শোকাহত।