খেলাধুলা ডেস্ক

(ছবি: সংগৃহীত)

​আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে বিতর্ক যেন থামছেই না। এবার খোদ সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার দেশটির রাজনৈতিক ও অভিবাসন নীতিকে কারণ দেখিয়ে সমর্থকদের বিশ্বকাপ বয়কটের আহ্বান জানিয়েছেন। তিন দেশের (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) যৌথ আয়োজনে হতে যাওয়া এই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র অংশটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

​সম্প্রতি দুর্নীতিবিরোধী আইনজীবী ও সুইস অ্যাটর্নি মার্ক পিয়েথ এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে সমর্থকদের দেশটিতে না যাওয়ার পরামর্শ দেন। পিয়েথের সেই অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন সেপ ব্লাটার। তিনি লিখেছেন, ‘সমর্থকদের জন্য একটাই পরামর্শ— যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রাখুন। মার্ক পিয়েথের এই প্রশ্ন তোলা অত্যন্ত যৌক্তিক।’

​সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ‘দার বান্ড’-কে দেওয়া সাক্ষাৎকারে আইনজীবী পিয়েথ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে রাজনৈতিক বিরোধীদের উপেক্ষা এবং অভিবাসন সংস্থার কঠোর আচরণ সাধারণ সমর্থকদের জন্য উদ্বেগের কারণ। তিনি আরও মন্তব্য করেন যে, স্টেডিয়ামে যাওয়ার চেয়ে টেলিভিশনে খেলা দেখা বেশি নিরাপদ হতে পারে। কারণ দেশটির বর্তমান নীতি অনুযায়ী যেকোনো সময় যেকোনো সমর্থককে ফেরত পাঠানোর আশঙ্কা থাকে।

​সাবেক ফিফা সভাপতির এমন মন্তব্য ফুটবল বিশ্বে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন ও রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে ব্লাটারের এই সরাসরি অবস্থানকে কেন্দ্র করে বিশ্বকাপের নিরাপত্তা ও পর্যটন খাতে বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

​তথ্যসূত্র: জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *