কুমিল্লা প্রতিনিধি
এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৫ আগস্টের আগে যারা বাকশক্তিহীন ছিলেন, আজ তাদের বাকশক্তি হয়েছে। কিন্তু পরিতাপের বিষয় হলো, তারা বাকশক্তি ফিরে পেয়ে জুলাই বিপ্লবের প্রকৃত যোদ্ধাদের কথা ভুলে গেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেড় বছর পার হওয়ার আগেই এক শ্রেণির মানুষের মধ্যে দম্ভ তৈরি হয়েছে। যারা আগে কথা বলতে ভয় পেতেন, আজ তাদের জৌলস আর লোকবলের অভাব নেই। অথচ জুলাই যোদ্ধা আবুবক্করদের মতো যারা অকাতরে আত্মত্যাগ করেছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের স্বপ্নগুলো নিয়ে আজ কাউকে কথা বলতে শোনা যায় না।’
তিনি আরও বলেন, যে লক্ষ্য ও পরিবর্তনের জন্য মাইনুদ্দিনরা শাহাদাত বরণ করেছেন, সেই আদর্শকে পাশ কাটিয়ে বর্তমান রাজনীতিতে দম্ভ ও অহংকার মাথাচাড়া দিয়ে উঠেছে। ফ্যাসিবাদের উদাহরণ টেনে তিনি বলেন, অতীতে বড় বড় দম্ভ এই মাটিতে টিকতে পারেনি। সময় কখনও অপরাধীকে ছাড় দেয় না, তাই মাটির ওপর দাঁড়িয়ে কোনো প্রকার ঔদ্ধত্য প্রদর্শন শুভ ফল বয়ে আনবে না।
উক্ত উঠান বৈঠকে স্থানীয় এনসিপি ও জামায়াত জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। এসময় হাসনাত আবদুল্লাহ ভোটারদেরকে জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।