
বিনোদন ডেস্ক
বাউল শিল্পীদের নিয়ে সাম্প্রতিক এক বিতর্কিত মন্তব্যের জেরে বাউল অঙ্গনে সৃষ্ট অস্থিরতা ও তীব্র সমালোচনার মুখে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন জনপ্রিয় বাউল শিল্পী হাসিনা সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি তার আগের বক্তব্যের ব্যাখ্যা দেন এবং উদ্ভূত পরিস্থিতির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
বক্তব্যের প্রেক্ষাপট ও বিতর্ক
এর আগে হাসিনা সরকার অভিযোগ করেছিলেন যে, নারী বাউল শিল্পীরা প্রায়ই কুপ্রস্তাব পান এবং অনৈতিক সম্পর্কে না জড়ালে অনেক সময় বড় বড় অনুষ্ঠানে সুযোগ দেওয়া হয় না। কোনো সুনির্দিষ্ট নাম উল্লেখ না করলেও তার এই ঢালাও মন্তব্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং প্রবীণ ও নবীন বাউল শিল্পীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। বাউল সমাজ মনে করে, তার এই বক্তব্যে পুরো লোকসংস্কৃতির সম্মান ক্ষুণ্ণ হয়েছে।
ভিডিও বার্তায় যা বললেন শিল্পী
ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন, “আমার বক্তব্যে বাউল সমাজের কেউ কষ্ট পেয়ে থাকলে আমি সবার কাছে জোড়হাতে ক্ষমা চাইছি। সবাই যেন আমাকে আগের মতো বড় বোনের মতো বা ছোট বোনের মতো আগলে রাখেন, সেই প্রত্যাশা করছি।”
তিনি তার ক্ষোভের কারণ ব্যাখ্যা করে জানান, ‘হাসিনা সরকার’ নাম হওয়ার কারণে গত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় তিনি বাধার সম্মুখীন হচ্ছেন। মিরপুরে তার একটি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক মঞ্চ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে। এমনকি বিভিন্ন গানের ক্লাব তাকে বাদ দিয়ে অদক্ষ শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
ক্ষোভ ও হতাশা থেকে ভুল মন্তব্য
শিল্পী আরও বলেন, “দীর্ঘদিন অবহেলার শিকার হয়ে রাগের মাথায় বলেছিলাম—যাদের সাথে বিশেষ লিংক থাকে কেবল তারাই অনুষ্ঠান পায়। আমার কারো সাথে লবিং বা সম্পর্ক না থাকায় আমাকে ডাকা হয় না। এমন মন্তব্য করা আমার ভুল হয়েছে। আমি মূলত প্রকৃত বাউলদের অবহেলার বিষয়টি বোঝাতে চেয়েছিলাম।”
বাউল অঙ্গনের প্রতি সম্মান জানিয়ে তিনি পুনরায় অনুরোধ করেন যেন তাকে গান গাইতে দেওয়া হয় এবং প্রতিহিংসার শিকার না করা হয়।
