
খুলনা ব্যুরোঃ
বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদযাপন উপলক্ষ্যে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়ায়িদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) থান্দার কামরুজ্জামান। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাহুল বিশ্বাসের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (সার্জারি) ডা. দেবজ্যোতি, মেডিকেল অফিসার ডা. মঈনুল ইসলাম এবং মেডিকেল অফিসার ডা. সৌমিত্র রায়।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন (রবিবার) থেকে একযোগে এই ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এবারের ক্যাম্পেইনে উপজেলার ৭টি ইউনিয়নের ২২টি ওয়ার্ডের অধীনে মোট ১৭৬টি ইপিআই (EPI) কেন্দ্র, ২১টি কমিউনিটি ক্লিনিক, ২টি উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ২০০টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
পরিকল্পনা অনুযায়ী, উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২,১৯,৭১১ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৪,৭৩৯ জন শিশুকে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় বক্তারা ক্যাম্পেইনটি শতভাগ সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানটিতে স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স (সেবিকা), বিভিন্ন ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও উপ-স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
