অনলাইন ডেস্ক
ভোক্তা পর্যায়ে এপ্রিল (২০২৬) মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ঘোষণা করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিকেল ৩টায় ঘোষণা
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বিইআরসি-এর নির্দেশনা আজ বিকেল ৩টায় ঘোষণা করা হবে। এলপিজির পাশাপাশি এদিন অটোগ্যাসের নতুন দামও জানানো হবে।
আগের মাসের দাম
এর আগে গত ২ মার্চ মার্চ মাসের জন্য এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামা এবং সৌদি সিপির ওপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। আজ বিকেল ৩টার পর জানা যাবে এপ্রিল মাসে রান্নার গ্যাসের জন্য গ্রাহকদের কত টাকা গুনতে হবে।