
আন্তর্জাতিক ডেস্ক
(ছবি: সংগৃহীত)
জেফরি এপস্টিন ফাইল নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়ের মধ্যে অবশেষে মুখ খুললেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। অতীতের ব্যক্তিগত জীবনের কিছু ভুল এবং দুই রুশ নারীর সাথে তাঁর গোপন সম্পর্কের কথা অকপটে স্বীকার করেছেন তিনি।
ফাউন্ডেশনের সভায় স্বীকারোক্তি
সম্প্রতি গেটস ফাউন্ডেশনের কর্মীদের সাথে এক অভ্যন্তরীণ সভায় বিল গেটস জানান, অতীতে দুই রুশ নারীর সাথে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তবে তিনি দাবি করেছেন, ওই নারীদের সাথে এপস্টিনের পাচার করা বা নির্যাতিত নারীদের কোনো যোগসূত্র নেই। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদন অনুযায়ী, গেটস স্বীকার করেছেন যে এই ব্যক্তিগত ভুলগুলো তাঁর জনহিতকর কাজকে ম্লান করে দিচ্ছে।
এপস্টিন প্রসঙ্গে অনুতাপ
এপস্টিনের মতো একজন অপরাধীর সংস্পর্শে আসা তাঁর জীবনের অন্যতম বড় ভুল ছিল বলে সভায় মন্তব্য করেন বিল গেটস। তিনি জানান, ২০১৩ সালে তাঁর তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটস উদ্বেগ প্রকাশ করা সত্ত্বেও এপস্টিনের সাথে সম্পর্ক ছিন্ন না করায় তিনি এখন গভীরভাবে অনুতপ্ত। তিনি বলেন, “এপস্টিনের সাথে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি লজ্জিত।”
যৌনরোগের দাবি নাকচ
নতুন প্রকাশিত নথিতে এপস্টিনের একটি ইমেইলকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে। সেখানে দাবি করা হয়, রুশ তরুণীদের সাথে সম্পর্কের ফলে গেটস একটি যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন এবং গোপনে তার চিকিৎসা করাতে চেয়েছিলেন। বিল গেটস এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “এপস্টিন নিজের কাছে একটি বানোয়াট ইমেইল লিখে রেখেছিলেন, যার কোনো সত্যতা নেই।”
এপস্টিনের মতো একজন অপরাধীর সংস্পর্শে আসার মাশুল হিসেবেই তাঁকে এখন এই ধরনের কুৎসিত অপবাদের মুখোমুখি হতে হচ্ছে বলে মনে করেন এই টেক জায়ান্ট।
