নিজস্ব প্রতিবেদক (গাজীপুর)

(ছবি: সংগৃহীত)

​বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে অধিকার ও গণতন্ত্রের জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, তাদের সেই আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। তিনি বলেন, ‘স্বৈরাচার বিদায় হয়েছে, এখন আমাদের দেশ গড়ার কাজ করতে হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, তবেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’

​মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাকে কেন্দ্র করে পুরো রাজবাড়ী ময়দান জনসমুদ্রে পরিণত হয়।

​তারেক রহমান গাজীপুরের গার্মেন্টস শিল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই শিল্পের সূচনা করেছিলেন, যার সুফল আজ লক্ষ লক্ষ মানুষ পাচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ী হলে জনসাধারণের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য বিশেষ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। এছাড়া গাজীপুরের যানজট নিরসনে জয়দেবপুর রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণ এবং নারী শ্রমিকদের সন্তানদের জন্য কেয়ার সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।

​নির্বাচনী মাঠের পরিস্থিতি ও ভোটাধিকার নিয়ে তারেক রহমান তৃণমূলের ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, অতীতে যেভাবে মানুষের ভোটের অধিকার ডাকাতি করা হয়েছে, তার পুনরাবৃত্তি রোধে ফজর নামাজের পর থেকেই কেন্দ্র পাহারা দিতে হবে। তিনি আরও বলেন, ‘গাজীপুরের সাথে আমার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে, এখানকার মানুষের কাছে আমার দাবি—আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেন।’

​অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ গাজীপুরের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং দেশ গড়ার লক্ষে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন। তারেক রহমান জানান, নির্বাচনের পর জয়ী হয়ে জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত হতে তিনি পুনরায় জেলাগুলোতে সফর করবেন।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *