
ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
ময়মনসিংহে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বুদ্ধিবৃত্তিক দক্ষতা ও শুদ্ধ বিতর্কচর্চার বিকাশে অনুষ্ঠিত হয়েছে ‘জেলা প্রশাসক বিতৃর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর কোয়ার্টার ফাইনাল পর্ব।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ জিলা স্কুল ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়।
জিলা স্কুল ভেন্যুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. রুকুনোজ্জামান রোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জনাব শিরীন আক্তার।
অন্যদিকে, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব আসাদুজ্জামান।
প্রতিটি পর্বে প্রতিযোগী দলগুলোর যুক্তিনির্ভর বক্তব্য, তথ্যসমৃদ্ধ উপস্থাপনা, ক্ষুরধার পাল্টা যুক্তি এবং তাৎক্ষণিক বুদ্ধিমত্তার প্রকাশে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্কের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের যুক্তি উপস্থাপন ও বিশ্লেষণী দক্ষতার পরিচয় দেয়।
কোয়ার্টার ফাইনালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেয়। দলগুলো হলো—
১. মুক্তাগাছা উপজেলা বনাম তারাকান্দা উপজেলা—বিজয়ী: মুক্তাগাছা উপজেলা।
২. হালুয়াঘাট উপজেলা বনাম সদরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল—বিজয়ী: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল।
৩. ভালুকা উপজেলা বনাম নান্দাইল উপজেলা—বিজয়ী: নান্দাইল উপজেলা।
৪. ত্রিশাল উপজেলা বনাম সদরের গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল—বিজয়ী: গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল।
প্রতিযোগিতায় বিজিত দলগুলোর অংশগ্রহণকে উৎসাহিত করতে জেলা প্রশাসন, ময়মনসিংহের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার প্রদান করা হয়। এতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, সৃজনশীল চিন্তা, নেতৃত্বের গুণাবলি, তথ্য বিশ্লেষণ এবং সাবলীলভাবে মত প্রকাশের সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।